শেখ হাসিনা দেশে ফেরা মাত্রই গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে: ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর

জুলাই অভ্যুত্থানকেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরা মাত্রই তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রোববার (১২ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট করেন যে, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনা হলে তিনি নিজে থেকে আত্মসমর্পণের কোনো সুযোগ পাবেন না।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকার ইতিমধ্যেই শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। তিনি বর্তমানে ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকায় নিজে থেকে দেশে আসার কোনো সুযোগ নেই। তাকে হয় দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির আওতায় বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে অথবা পুশব্যাক করা হবে।
এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ভারতে নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, আগামী ডিসেম্বরে তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। তিনি আরও উল্লেখ করেন যে, কেবল তিনি একাই নন, নির্বাসিত জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতারাও তার সঙ্গে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন।
শেখ হাসিনার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধান কৌঁসুলি জানান, সরকার তাকে কূটনৈতিকভাবে দেশে ফিরিয়ে আনার জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কোনো আসামির জামিন পাওয়ার নজির নেই উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনাকে কোনো উপায়ে বাংলাদেশে আনা হলে বা দেশে পাওয়া গেলে সংগত কারণেই তিনি প্রথমত কারাগারে যাবেন। জেলে যাওয়ার পরেই কেবল তিনি আপিল করার যোগ্যতা রাখবেন কি না, সে বিষয়ে আইনি নিষ্পত্তি হবে।