↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৪ জুলাই ২০২৬, ৮:১১ এ.এম || প্রকাশের তারিখঃ ১৩ জুলাই ২০২৬, ৪:২৬ পি.এম

সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে: বরিশালে গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি দেশের সাধারণ মানুষের গভীর আস্থা ও সম্মান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি উল্লেখ করেছেন, জাতীয় যেকোনো সংকট মোকাবিলা, দেশের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় এই বাহিনী বারবার তাদের অনন্য পেশাদারিত্ব, সাহসিকতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

রোববার (১৩ জুলাই) বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি পায়ে হেঁটে বিস্তীর্ণ জঙ্গলজুড়ে সেনাসদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, কৌশলগত অবস্থান গ্রহণ এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতির উপযোগী বিভিন্ন যুদ্ধকালীন প্রস্তুতি ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শত্রুপক্ষের ড্রোন শনাক্ত ও তা প্রতিরোধে ব্যবহৃত আধুনিক ‘অ্যান্টি-ড্রোন মাল্টি-ব্যারেল সিস্টেম’-এর কার্যপদ্ধতি প্রত্যক্ষ করেন। দায়িত্বরত সেনা কর্মকর্তারা তাঁকে এই আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার কৌশলগত ব্যবহার সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। নিজের শৈশবের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি নিজে একটি সেনা পরিবারে বড় হয়েছেন। ফলে সেনাসদস্যদের মাঝে এলে তাঁর অত্যন্ত ভালো লাগে। সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

মহড়ার একপর্যায়ে প্রধানমন্ত্রী মাঠপর্যায়ের সাধারণ সেনাসদস্যদের কাছে যান এবং তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে উৎসাহিত করেন। তিনি সেনাসদস্যদের সাথে মাটিতে বসে কিছু সময় কাটান এবং তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতার কথা শোনেন। পরে তিনি মহড়াস্থলের যুদ্ধকালীন পরিবেশে তাৎক্ষণিকভাবে মোম জ্বালিয়ে রান্না করা সাদা ভাত, ডাল, আলুভর্তা, চিংড়ি মাছ ও ডিমের তরকারি দিয়ে দুপুরের খাবার গ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।