↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৫ জুলাই ২০২৬, ৪:২০ এ.এম || প্রকাশের তারিখঃ ১৪ জুলাই ২০২৬, ১০:৪৫ পি.এম

চট্টগ্রাম ছাড়া দেশের সব বোর্ডের কেন্দ্র এইচএসসি পরীক্ষার জন্য উপযোগী: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সরকারের বিভিন্ন দপ্তর, শিক্ষা বোর্ড এবং অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের বাকি সব বোর্ডের কেন্দ্রগুলো পরীক্ষা নেওয়ার জন্য সম্পূর্ণ উপযোগী বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, বিরূপ আবহাওয়ার মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ শিক্ষা মন্ত্রণালয় গভীরভাবে বিবেচনা করেছে। এরপর দেশজুড়ে পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সর্বসম্মত মতামতের ভিত্তিতেই পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২,৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। বন্যাকবলিত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে থাকা পাঁচ জেলায় ইতিমধ্যে ১৬ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। মাহদী আমিন জানান, কোনো শিক্ষার্থী যদি বিরূপ আবহাওয়ার কারণে দেশের কোথাও পরীক্ষা দিতে না পেরে থাকে, তবে তারা চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার দিন একই সঙ্গে অংশ নেওয়ার সুযোগ পাবে। এছাড়া পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুল থাকার কারণে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর (ফুল মার্কস) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সরকারের শিক্ষার্থীবান্ধব নীতিরই প্রতিফলন।

কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে আকস্মিক জলাবদ্ধতার কারণে নৌকায় পরীক্ষার্থী পারাপারের আলোচিত ছবিটির বিষয়ে ব্যাখ্যা দিয়ে উপদেষ্টা বলেন, বোর্ডের ১৯৩টি কেন্দ্রের মধ্যে কেবল ওই একটি কেন্দ্রের ৯৮৭ জন পরীক্ষার্থী সাময়িক সমস্যায় পড়েছিল। উদ্ভূত পরিস্থিতিতে সেখানে পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে দিয়ে শিক্ষার্থীদের পূর্ণ সময় নিশ্চিত করা হয়। মুষ্টিমেয় কিছু কেন্দ্রের অনাকাঙ্ক্ষিত চিত্র পুরো পরীক্ষা ব্যবস্থার প্রতিনিধিত্ব করে না উল্লেখ করে তিনি মিথ্যা ও পুরনো ছবি দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা ও উসকানির বিষয়ে শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান জানান।

তিনি আরও জানান, স্থানীয় প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যেন যাতায়াত বা জলাবদ্ধতার কারণে সমস্যা হলে তারা তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত কিংবা পরীক্ষার সময় বৃদ্ধিসহ যেকোনো প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারেন। তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের মেধার ওপর পূর্ণ আস্থা রেখে সব ধরনের দ্বিধা ও অস্থিরতা পেছনে ফেলে পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনে শিক্ষার্থীদের মনোনিবেশ করার পরামর্শ দেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।