উগ্রবাদকে প্রশ্রয় দেওয়া হবে না, দুর্নীতি নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর: সংসদে সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান

বর্তমান সরকার দেশে কোনো অবস্থাতেই কোনো ধরনের চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না বলে দ্ব্যর্থহীন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এই প্রশ্নে সরকারি ও বিরোধী দলের মধ্যে সুদৃঢ় জাতীয় ঐক্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন বিষয়ে মতভিন্নতা থাকলেও দেশে যেন আর কখনো ফ্যাসিবাদ ও স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে উভয় পক্ষ একমত।
বুধবার (১৫ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (বাজেট অধিবেশন) সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধ, সিপাহী বিপ্লব, বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বরের ঘটনা এবং জুলাই আন্দোলনসহ বিভিন্ন সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে শহীদ ও নির্যাতনের শিকার ব্যক্তিদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সংসদ নেতা তাঁর ভাষণে দেশের বিপর্যস্ত অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো পুনর্গঠনের ওপর বিশেষ জোর দেন। তিনি জানান, বিগত স্বৈরাচারী আমলে দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতকে পদ্ধতিগতভাবে ধ্বংস করা হয়েছিল এবং বিদ্যুৎ খাত থেকে কমপক্ষে ৩ লাখ কোটি টাকা হরিলুট করা হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে এবং শহীদদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আগামী ৫ বছরে শিক্ষা ও স্বাস্থ্য উভয় খাতেই বরাদ্দ বাড়িয়ে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার ঘোষণা দেন তিনি।
অর্থনীতিকে শক্তিশালী করতে এবং দেশের কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে খাতভিত্তিক বিশেষ পরিকল্পনা নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। জনগণের দোরগোড়ায় রাষ্ট্রীয় সেবা পৌঁছে দিতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এই সব কার্ডকে একটি একক ‘ইউনিভার্সেল কার্ড’ এর আওতায় নিয়ে আসা হবে।
সুশাসন নিশ্চিত করতে দুর্নীতি দমনকে সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। স্বৈরাচারের সময়ে প্রতি বছর দেশ থেকে ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে জানিয়ে তিনি বলেন, হাত বেঁধে কিংবা টুটি চেপে ধরে হলেও দুর্নীতি নিয়ন্ত্রণ করতে সরকার বদ্ধপরিকর। একই সঙ্গে তিনি দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত ‘জুলাই সনদ’ এর প্রতিটি দফা বাস্তবায়নে জনগণের কাছে নিজের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেন এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সাড়ে তিনশ সংসদ সদস্যসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।