↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৮ জুলাই ২০২৬, ৩:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ ১৭ জুলাই ২০২৬, ৭:০৬ পি.এম

কক্সবাজারে বন্যাকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী: নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপের নির্দেশ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত দেশের প্রতিটি মানুষের পাশে সরকার রয়েছে এবং দুর্গতদের জন্য প্রয়োজনীয় ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের টেকসই পুনর্বাসন এবং স্থায়ীভাবে নদীভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যাকবলিত মানুষের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি ফাঁসিয়াখালী ইউনিয়নে আয়োজিত বিশেষ ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি পরিবারের হাতে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় অনান্য সহায়তা তুলে দেন। দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা চালু রাখার আশ্বাস দেন তিনি।

ত্রাণ বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ওই ইউনিয়নের কুমারীছড়া এলাকায় মাতামুহুরী নদীর ভাঙন কবলিত স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করেন। নদীভাঙনের ভয়াবহ চিত্র সশরীরে পর্যবেক্ষণ করে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং উপস্থিত কর্মকর্তাদের দ্রুত ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন। একই সাথে চকরিয়া অঞ্চলের নদীভাঙনে ক্ষয়ক্ষতির একটি বিস্তারিত প্রতিবেদন ও তথ্য সংগ্রহের জন্য নির্দেশনা প্রদান করেন তিনি।

পরিদর্শন ও ত্রাণ বিতরণের এই কার্যক্রমে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্থানীয় জনপ্রতিনিধি, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।