↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৮ জুলাই ২০২৬, ৩:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ ১৭ জুলাই ২০২৬, ১০:৫৩ পি.এম

বক্তব্যে ভুলবশত ‘জয়বাংলা’ উচ্চারণ: সাদুল্লাপুরে এনসিপি আহ্বায়কের দুঃখপ্রকাশ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্যের সময় ভুলবশত ‘জয়বাংলা’ শব্দ উচ্চারণ করায় আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করেছেন দলটির উপজেলা শাখার আহ্বায়ক মো. শফিজল ইসলাম। ঘটনাটিকে সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং নিজের বলার ভুল হিসেবে উল্লেখ করেছেন তিনি।

শুক্রবার (১৭ জুলাই) বিকালে স্থানীয় একটি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তিনি এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন এবং একটি লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে মো. শফিজল ইসলাম জানান, গত ১৬ জুলাই সাদুল্লাপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক এনসিপির একটি পথযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। সেই কর্মসূচিতে বক্তব্যের শেষ পর্যায়ে তিনি মূলত ‘জয় হোক জামালপুর ইউনিয়নবাসীর, জয় হোক সাদুল্লাপুরবাসীর’ বলতে চেয়েছিলেন। কিন্তু তাড়াহুড়ো ও অসাবধানতাবশত তাঁর মুখ থেকে ‘জয়বাংলা’ শব্দটি উচ্চারিত হয়ে যায়।

সংবাদ সম্মেলনে শফিজল ইসলাম জোর দিয়ে দাবি করেন, রাজনৈতিক জীবনে তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত ছিলেন না। এটি তাঁর একটি তাৎক্ষণিক উচ্চারণগত ভুল ছিল। তা ছাড়া বক্তব্যের একদম শেষাংশে তিনি নিজের রাজনৈতিক আদর্শ বজায় রেখে ‘ইনকিলাব জিন্দাবাদ’ ও ‘জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ’ স্লোগানই উচ্চারণ করেছিলেন। পুরো বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য তিনি সাদুল্লাপুরবাসী ও নিজের দলের নেতাকর্মীসহ সবার প্রতি আহ্বান জানান।