↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২০ জুলাই ২০২৬, ৩:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ ১৮ জুলাই ২০২৬, ৮:০২ পি.এম

আগামী মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ এর পরীক্ষামূলক প্রকল্প, থাকবে বিশেষ সুবিধা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

প্রবাসীদের সামাজিক মর্যাদা, ক্ষমতায়ন ও আর্থিক প্রণোদনা নিশ্চিত করতে আগামী মাসের মাঝামাঝি সময়ে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক প্রকল্প চালু করতে যাচ্ছে সরকার। প্রথম পর্যায়ে প্রবাসীদের জন্য বিশেষ সুবিধাসম্বলিত ডেবিট কার্ড চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে প্রবাসী কার্ড সম্পর্কিত এক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের নিশ্চিত করেন। সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ডের পর এবার এই বিশেষ প্রবাসী কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা দেশে ও বিদেশে নানা ধরনের অগ্রাধিকারমূলক সেবা পাবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো দেশ-বিদেশের বিমানবন্দরে কমপ্লিমেন্টারি লাউঞ্জ ব্যবহার, বিশেষ ইমিগ্রেশন বুথ, বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে ছাড়, সরকারি হাসপাতালে বিশেষ বুথ সুবিধা এবং কার্ডধারীর মৃত্যুতে সম্পূর্ণ বিনামূল্যে মরদেহ দেশে পরিবহনের ব্যবস্থা। এছাড়া রেমিট্যান্সের ওপর রিওয়ার্ড পয়েন্ট, সহজ ঋণ সুবিধা, পাসপোর্ট ও কনস্যুলার সেবায় অগ্রাধিকারসহ বিনিয়োগ, জমি রেজিস্ট্রেশন ও নামজারির ক্ষেত্রে প্রবাসীরা বিশেষ সুবিধা পাবেন।

উপ-প্রেস সচিব জানান, আগামী মাসের মাঝামাঝিতে পরীক্ষামূলক উদ্বোধনের পর প্রথম ধাপে জনতা ব্যাংকের মাধ্যমে এই ডেবিট কার্ড ইস্যু করা হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুনের মধ্যে ২ লাখ প্রবাসী কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী ধাপে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে এই কার্ডের সামগ্রিক কার্যক্রম পরিচালনা করা হবে।

সভায় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সকল প্রবাসী বাংলাদেশি যেন এই সুবিধার আওতায় আসতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের বিশেষ নজর রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। একই সাথে তিনি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আরও আধুনিক ও সময়োপযোগী করার তাগিদ দেন। সভায় অন্যান্যদের মধ্যে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নুর এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।