↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৯ জুলাই ২০২৬, ৪:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ ১৮ জুলাই ২০২৬, ৯:২১ পি.এম

সমালোচনা ও ট্রল সত্ত্বেও শিক্ষার মানোন্নয়নে আপসহীন থাকার ঘোষণা শিক্ষামন্ত্রীর

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশ ও জাতিকে সুশিক্ষিত করার যে দায়িত্ব সরকার পেয়েছে, তা থেকে কোনো ধরনের অপবাদ বা ট্রলের কারণে বিচ্যুত হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি অভিযোগ করেন, পরীক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে একদল শিক্ষার্থী একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চেয়েছিল, যার সাথে মূল ধারার কোনো পরীক্ষার্থী বা শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পৃক্ততা ছিল না।

শনিবার (১৮ জুলাই) দুপুরে নওগাঁ বিশ্ববিদ্যালয় আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান এবং নবীনবরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী তাঁর রাজনৈতিক ও প্রশাসনিক সততার কথা উল্লেখ করে বলেন, এর আগে ২০০১-০৬ মেয়াদে বেগম খালেদা জিয়ার সরকারের সময় তিনি শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ফলে অন্যায়কে প্রশ্রয় দেওয়ার কোনো নির্দেশনা তাঁর কাছে আসবে না উল্লেখ করে শিক্ষকদের নিজ নিজ অবস্থানে থেকে শিক্ষার মানোন্নয়নে কঠোর থাকার আহ্বান জানান তিনি।

বক্তব্যের একপর্যায়ে বৃষ্টিতে পরীক্ষা বন্ধের অনুরোধ জানিয়ে এক পরীক্ষার্থীর সাথে তাঁর ফোনালাপের প্রসঙ্গটি ব্যাখ্যা করেন মন্ত্রী। তিনি জানান, নিজের মেয়ের উদাহরণ দিয়ে ওই শিক্ষার্থীকে সান্ত্বনা ও পড়ার টেবিলে বসার পরামর্শ দিলেও শিক্ষার্থীরা এই পুরো ন্যারোটিভ বা বক্তব্যকে নেতিবাচকভাবে উপস্থাপন করে ট্রল শুরু করেছে। জাতি এভাবে প্রকৃত সত্য না বুঝে অন্ধের মতো আচরণ করলে ভবিষ্যৎ ভালো হবে না বলে দুঃখপ্রকাশ করেন তিনি।

এর আগে বেলা সাড়ে ১১টায় নওগাঁ শহরের বরুনকান্দি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ এবং ফলক উন্মোচনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের সূচনা করা হয়। পরে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের নতুন শ্রেণিকক্ষ, আধুনিক গ্রন্থাগার ও কম্পিউটার ল্যাব পরিদর্শন করেন এবং অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের মাঝে আম গাছের চারা বিতরণ করা হয়।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাসনাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা সচিব আব্দুল খালেক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। এছাড়া অনুষ্ঠানে নওগাঁর বিভিন্ন আসনের সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।