স্বচ্ছতা ও সুশাসনের ১৫০ দিন: অর্থনীতি, বিচার ও প্রশাসনিক সংস্কারে বিএনপি সরকারের অভূতপূর্ব সাফল্য

বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম পাঁচ মাসে দেশের অর্থনীতি, আইনশৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা, কূটনীতি ও প্রশাসনিক সংস্কারসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার গত ১৫০ দিনে বহুমাত্রিক সাফল্য অর্জন করেছে, যেখানে সুশাসন, স্বচ্ছতা ও জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের পাঁচ মাসপূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
মুখপাত্র জানান, বিগত পাঁচ মাসে জনগণের আস্থা ও সমর্থন, ইশতেহারের আলোকে সব শ্রেণি-পেশার মানুষের স্বার্থ রক্ষা, স্বল্প সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা এবং দেশের সার্বভৌমত্বের সুরক্ষায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন দিগন্তের উন্মোচন করেছে। বিচারিক ক্ষেত্রে সাফল্যের চিত্র তুলে ধরে তিনি জানান, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় মাত্র ১৯ দিনে এবং মেহেরপুরের শিশু ধর্ষণ মামলার রায় ২৯ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করা হয়েছে। তাছাড়া দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম হত্যাকারী মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ইন্টারপোলের সহায়তায় দুবাইতে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনার আনুষ্ঠানিকতা চলছে।
এর আগে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদে ‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন’ পাশ করা হয়েছে। একই সঙ্গে সন্ত্রাসবিরোধী আইনে রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান যুক্ত করে সংশোধনী বিল পাশ ও আওয়ামী লীগের রাজনীতির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদীয় কার্যক্রমের প্রথম ২৫ কার্যদিবসে রেকর্ড ৯৪টি বিল পাশ করে অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর করা হয়েছে। অন্যদিকে জনভোগান্তি কমাতে বিদ্যুৎ ব্যবহারের প্রিপেইড মিটারে ধার্যকৃত মাসিক চার্জ তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। ঢাকার যানজট নিরসনে ৪টি আন্তঃজেলা বাস টার্মিনাল মহানগরের বাইরে স্থানান্তরের নির্দেশ দেওয়ার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, সর্বস্তর তথা তৃণমূল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে তথ্যের বিকেন্দ্রীকরণে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সংবাদপত্রের স্বাধীনতায় সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে কিছু মোবাইল সাংবাদিকের অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। বর্তমান সরকার মূলত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতের শৃঙ্খলা পুনরুদ্ধার, পাচারকৃত অর্থ ফেরত আনা এবং লুণ্ঠিত স্বাস্থ্য ও শিক্ষা খাতের পুনর্গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে সংবাদ সম্মেলনে স্পষ্ট করা হয়।