↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৯ জুলাই ২০২৬, ৬:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ ১৯ জুলাই ২০২৬, ৫:১৩ এ.এম

গোলবন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড, সাকার হ্যাটট্রিক

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

চলমান বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করে নিজেদের মিশন শেষ করেছে ইংল্যান্ড। নক-আউটের সেমিফাইনালে স্বপ্নভঙ্গের পর ব্রোঞ্জ মেডেল নির্ধারণী ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল ইংলিশরা। মাঠের লড়াইয়ে গোলবন্যার এক রোমাঞ্চকর ম্যাচে ফরাসিদের ৬-৪ ব্যবধানে পরাজিত করেছে ডেকলান রাইস-বুকায়ো সাকারা।

ম্যাচটি নিয়ে দুই দলেরই সেমিফাইনাল পরবর্তী কিছুটা অনাগ্রহের কথা ম্যাচ শুরুর আগে স্বীকার করেছিলেন ফরাসি কোচ দিদিয়ে দেশঁ। তবে মাঠের খেলায় তার কোনো প্রভাব পড়েনি। ম্যাচ শুরুর মাত্র আড়াই মিনিটের মাথায় ফ্রান্সের মিডফিল্ডার দেজিরে দুয়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে আক্রমণ শানান ডেকলান রাইস, যার জোরালো শট ফরাসি জাল কাঁপিয়ে ইংল্যান্ডকে এগিয়ে নেয়।

শুরুতেই লিড নেওয়ার পর আক্রমণের ধার বাড়ায় ইংলিশরা। অফসাইডের কারণে বুকায়ো সাকার একটি গোল বাতিল হলেও ১৭ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে চমৎকার হেডে ব্যবধান দ্বিগুণ করেন এজরি কনসা। ম্যাচের ৩৭ মিনিটে মার্কাস রাশফোর্ডের শট ফরাসি গোলরক্ষক মাইক মেনিয়ঁ ঠেকিয়ে দিলেও ফিরতি বলে লক্ষ্যভেদ করেন সাকা। এরপর প্রথমার্ধের বিরতির ঠিক আগে ফরাসি ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন এই গানার্স ফরোয়ার্ড। ফলে ৪-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে সম্পূর্ণ ভিন্ন রূপ দেখায় দিদিয়ের দেশঁর শিষ্যরা। মিশেল অলিসের পাস ধরে ফ্রান্সের হয়ে প্রথম গোল শোধ করেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। এর কিছুক্ষণ পরই প্রতি-আক্রমণ থেকে ব্র্যাডলি বারকোলা গোল করলে ব্যবধান ৪-২ এ নেমে আসে। ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে এমবাপে নিজের দ্বিতীয় গোলটি করলে কামব্যাকের জোর আশা জাগায় ফরাসিরা।

তবে ফরাসিদের সেই আশায় জল ঢেলে পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি ইংল্যান্ডকে ৫-৩ ব্যবধানে এগিয়ে নেন সাকা। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ঠিক আগে মাঝমাঠ থেকে একাই বল ড্রিবলিং করে ডিফেন্ডারদের কাটিয়ে দলের ষষ্ঠ গোলটি করেন জুড বেলিংহাম। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে উপামেকানোর পাস থেকে উসমান দেম্বেলে ফ্রান্সের হয়ে আরও একটি গোল শোধ করলেও তা কেবল ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত ৬-৪ স্কোরের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী এই রোমাঞ্চকর লড়াই শেষ হওয়ার পর এখন ফুটবল বিশ্বের চোখ মেগা ফাইনালে। আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বসেরার মুকুটের জন্য চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা।