প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংক ডিরেক্টরের সাক্ষাৎ, ফ্যামিলি কার্ড ও কর্মসংস্থান নিয়ে আলোচনা

সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে বিশ্বব্যাংকের সাথে একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম।
সাক্ষাৎকালে বিএনপির নির্বাচনি ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি সারা দেশে কার্যকরভাবে সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এর মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের কীভাবে সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষার আওতায় এনে ক্ষমতায়ন করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়াও দেশব্যাপী নতুন কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয়ে দুই পক্ষ মতবিনিময় করেন। বিশ্বব্যাংকের প্রতিনিধি দল বৈশ্বিক প্রেক্ষাপটে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি সরকারের এসব অগ্রাধিকারমূলক নীতি ও কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা প্রদানে পূর্ণ আগ্রহ প্রকাশ করেছে।
বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গেইল এইচ মার্টিন, ধ্রুব শর্মা, আনিকা রহমান, সৈয়দ রাশেদ, আল-জায়েদ জশ এবং শ্রায়না ভট্টাচার্য।