↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২৩ জুলাই ২০২৬, ৩:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ ২২ জুলাই ২০২৬, ৯:৩০ পি.এম

ক্ষুদ্র নৃগোষ্ঠীকে পেছনে রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়: এমপি সৈয়দ মো. ফয়সল

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ক্ষুদ্র নৃগোষ্ঠীকে পেছনে রেখে কোনো জাতির কাঙ্ক্ষিত ও টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল। তিনি বলেন, তারা এ দেশেরই নাগরিক এবং মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বসবাস করার পূর্ণ অধিকার তাদের রয়েছে। সরকার তাদের উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ইতিবাচক কর্মসূচি বাস্তবায়ন করছে।

বুধবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার পাঁচটি চা বাগানের শিক্ষার্থী ও অসচ্ছল চা শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরণ এবং আইনশৃঙ্খলা বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল উল্লেখ করেন, বর্তমান সরকার জনগণের স্পষ্ট ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। তাই সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক উন্নয়ন অব্যাহত রাখাই সরকারের মূল অঙ্গীকার। জনগণ যাতে নিরাপদে বসবাস করতে পারে এবং নিশ্চিন্তে ঘুমাতে পারে, সেই পরিবেশ তৈরিতে প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, অপরাধ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে যারা জনজীবনে দুর্ভোগ বাড়াবে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। এর পাশাপাশি তিনি উল্লেখ করেন, গত পাঁচ মাসে সরকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো ও সামাজিক নিরাপত্তা খাতে একাধিক উন্নয়নমূলক পদক্ষেপ সম্পন্ন করেছে।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আল রনি, ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, মাহবুবুর রহমান সোহাগ, আতাউল মোস্তফা সোহেল এবং মাধবপুর প্রেস ক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমেদসহ স্থানীয় বিভিন্ন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাবৃন্দ।