↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২৩ জুলাই ২০২৬, ৩:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ ২২ জুলাই ২০২৬, ১০:১৯ পি.এম

ছাত্রদলের অবদান ও ত্যাগ স্মরণীয় হয়ে থাকবে: ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বর্তমান দিনে ছাত্রদলের অবস্থান একদিনে তৈরি হয়নি, বরং বিগত ১৭ বছরের দীর্ঘ লড়াই ও ত্যাগের মধ্য দিয়ে এই সংগঠন গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। বিগত সরকারের সময় চরম নির্যাতন-পীড়নের শিকার হয়ে যেসব ছাত্রদল নেতা প্রাণ হারিয়েছেন, তাদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার আহ্বান জানান তিনি।

বুধবার (২২ জুলাই) রাজধানীর মহাখালীতে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথে ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, গত সরকারের আমলজুড়ে আন্দোলন-সংগ্রামে হাজার হাজার নেতাকর্মী যেভাবে হত্যা, নির্যাতন ও পঙ্গুত্বের শিকার হয়েছেন, সে ইতিহাস ভুলে যাওয়ার নয়। বিশেষ করে জুলাই আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরা যে অভূতপূর্ব ত্যাগ স্বীকার করেছেন এবং প্রাণ হারিয়েছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে তিনি শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগের কথা উল্লেখ করে জানান, নবউদ্বোধিত শহীদ ওয়াসিম আকরাম চত্বর নতুন প্রজন্মের ছাত্রসমাজকে ত্যাগের অনুপ্রেরণা জোগাবে।

শফিকুল ইসলাম খান আরও উল্লেখ করেন, ছাত্রদল কেবল রাজপথের রাজনীতিতেই নয়, পরিবেশ সুরক্ষা ও জনকল্যাণমুখী সামাজিক কাজেও সবসময় সোচ্চার। বৃক্ষরোপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো সেবামূলক কাজ তারা অতীতেও করেছে এবং ভবিষ্যতেও মানবকল্যাণে এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ, কলেজ ছাত্রদলের সভাপতি এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।