সাংবাদিক নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখতে কে সাংবাদিক আর কে সাংবাদিক নন, তা নির্ধারণের জন্য একটি উপযুক্ত ও যথাযথ কর্তৃপক্ষ থাকা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের সংকীর্ণতা বা পক্ষপাতিত্ব না করে সর্বজনগ্রাহ্য এবং অন্তর্ভুক্তিমূলক নীতি অনুসরণের আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির ৩৪তম এবং নবগঠিত কমিটির প্রথম সভায় দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী কমিটির সদস্যদের প্রতিটি পদক্ষেপে দেশের সংবিধান, প্রচলিত আইন ও বিধি-বিধানের যথাযথ প্রতিফলন নিশ্চিত করার নির্দেশনা দেন। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে নয়, বরং জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে সকল নাগরিকের প্রতি সমান দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে। কঠিন পরিস্থিতিতেও গ্রহণযোগ্য সিদ্ধান্ত গ্রহণেই রাজনৈতিক নেতৃত্বের সক্ষমতা প্রকাশ পায়।
গণমাধ্যমকে একটি বহুপাক্ষিক ক্ষেত্র হিসেবে উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, এখানে বিভিন্ন মত, দৃষ্টিভঙ্গি ও চিন্তার মানুষের সহাবস্থান নিশ্চিত করা প্রয়োজন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে রাষ্ট্রের অন্যতম কৌশলগত ও রাজনৈতিকভাবে সংবেদনশীল খাত হিসেবে বর্ণনা করে তিনি সতর্ক করেন যে, এখানে সামান্য ভুল সিদ্ধান্তও ভবিষ্যতে বড় ধরনের রাজনৈতিক ও সামাজিক প্রভাব ফেলতে পারে। তাই তাৎক্ষণিক ভাবনার বাইরে গিয়ে দূরদর্শিতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে।
প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. শাহ আলম, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির নবগঠিত সদস্যরা উপস্থিত ছিলেন।