↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২৪ জুলাই ২০২৬, ৮:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ ২৩ জুলাই ২০২৬, ৯:২১ পি.এম

জাতীয় পতাকা দায়িত্ব, সততা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতীক: ডেপুটি স্পিকার

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

জনগণের ভোটে নির্বাচিত হয়ে পাওয়া জাতীয় পতাকা কেবল একটি কাপড়ের টুকরো নয়; এটি দায়িত্ব, কর্তব্য, সততা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতীক বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, এই পতাকা প্রতি মুহূর্তে স্মরণ করিয়ে দেয় লাখো শহীদ ও মা-বোনের ত্যাগে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষার গুরুদায়িত্ব।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫’-এ বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগের প্রকৃত সার্থকতা তখনই আসবে, যখন আগামী প্রজন্মকে সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে বলে তিনি মত প্রকাশ করেন।

শিক্ষকদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, প্রাথমিক স্তরের শিক্ষা ও শিক্ষকের আচরণ একটি শিশুর জীবনে গভীর প্রভাব ফেলে। এ শিক্ষার ভিত্তি দুর্বল হলে সমাজে নানা অবক্ষয় ও মাদকের বিস্তার বাড়তে পারে। অনেক শিক্ষক বিদ্যালয়ে পর্যাপ্ত সময় দিচ্ছেন না উল্লেখ করে তিনি দুঃখ প্রকাশ করেন এবং তাদের অর্জিত বেতন হালাল করে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম, নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আজম। এ ছাড়া শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করে মালিহা মিথি ও আবিদ হাসান।