↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২৪ জুলাই ২০২৬, ৯:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ ২৩ জুলাই ২০২৬, ৯:৫৬ পি.এম

মালয়েশিয়ার জেলে আটক বাংলাদেশিদের সুযোগ-সুবিধা ও কল্যাণ নিশ্চিতে দুই দেশের বৈঠক

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

মালয়েশিয়ার বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশি নাগরিকদের সার্বিক কল্যাণ, মানবিক সহায়তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে দেশটির প্রিজন ডিপার্টমেন্টের সঙ্গে এক বৈঠক করেছে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশি বন্দিদের বিভিন্ন বাস্তব সমস্যা তুলে ধরা হলে তা সমাধানে ইতিবাচক আশ্বাস দিয়েছে মালয়েশিয়ার কারা কর্তৃপক্ষ।

বুধবার (২২ জুলাই) হাইকমিশনের মিনিস্টার লেবার সিদ্দিকুর রহমানের নেতৃত্বে মালয়েশিয়ার প্রিজন ডিপার্টমেন্টে পূর্বনির্ধারিত এই দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হাইকমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

হাইকমিশনের প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত এই আলোচনায় মালয়েশিয়ার প্রিজন ডিপার্টমেন্টের পক্ষে নেতৃত্ব দেন বিভাগের ডেপুটি কমিশনার জেনারেল অব প্রিজন মি. হাফিজ বিন ওসমান। বৈঠকে প্রিজন ডিপার্টমেন্টের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বৈঠকে মালয়েশিয়ার বিভিন্ন জেলে আটক বাংলাদেশি নাগরিকদের সার্বিক পরিস্থিতি, যোগাযোগের সুযোগ, স্বাস্থ্যসেবা প্রদান ও কনস্যুলার সেবা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বন্দিদের কল্যাণ সাধনে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি দল কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করে এবং বিদ্যমান সমস্যাগুলোর প্রতি কারা কর্তৃপক্ষের নজর আকর্ষণ করে।

প্রিজন বিভাগের কর্মকর্তারা হাইকমিশনের প্রস্তাবগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তারা জানান, হাইকমিশনের সঙ্গে ধারাবাহিক সমন্বয় বজায় রেখে আটক বাংলাদেশিদের স্বার্থে যেসব আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া সম্ভব, সেগুলো সক্রিয়ভাবে পর্যালোচনা করা হবে।

হাইকমিশন থেকে জানানো হয়, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের অধিকার ও কল্যাণ সুরক্ষায় দেশটির বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে নিয়মিত সমন্বয় রেখে কাজ করা হচ্ছে। কূটনৈতিক মহল মনে করছে, এই ধরনের দ্বিপাক্ষিক আলোচনা বন্দিদের সমস্যা দ্রুত সমাধানে এবং দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যকার সহযোগিতা আরও সুদৃঢ় করতে বড় ভূমিকা রাখবে।