অ্যাক্টিভিজম দিয়ে সাংবাদিকতা হয় না, মূল ভিত্তি বস্তুনিষ্ঠ তথ্য: তথ্যমন্ত্রী

মতামত, অনুমান কিংবা অ্যাক্টিভিজম দিয়ে সাংবাদিকতা সম্ভব নয়, বরং বস্তুনিষ্ঠ সত্য ও ডেটাভিত্তিক তথ্যের ওপর ভিত্তি করেই প্রকৃত সাংবাদিকতা চালিত হয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সাংবাদিকদের নিজস্ব চিন্তাভাবনা ও সামাজিক পর্যবেক্ষণ থাকতে পারে, তবে পেশাদারিত্ব টিকিয়ে রাখতে তথ্যের সত্যতা নিশ্চিত করা অপরিহার্য।
শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালেটিকস (দায়রা) আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স-২০২৬’-এর ‘দক্ষিণ এশিয়ার গণমাধ্যম কি ভিন্ন ভিন্ন রূপে একই ধরনের হুমকির সম্মুখীন হয়?’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোতে গণমাধ্যমের মূল সংকটগুলো প্রায় একই ধরনের। বর্তমানে প্রযুক্তি ও মোবাইল সাংবাদিকতার প্রভাবে ভুয়া তথ্য ও অপপ্রচারের যে বিস্তার ঘটেছে, তা থেকে সাধারণ মানুষকে বিভ্রান্তিমুক্ত রাখাই সংবাদমাধ্যমের বড় চ্যালেঞ্জ। তিনি স্পষ্ট জানান, সাংবাদিকরা ‘অ্যাক্টিভিস্ট’ হতে পারেন না; ডেটা বা সুনির্দিষ্ট উপাত্ত ছাড়া কোনো অনুমান সংবাদে পরিণত হতে পারে না।
আলোচনায় অংশ নিয়ে সাবেক প্রেস সচিব ও ‘ওয়াদা’ পত্রিকার সম্পাদক শফিকুল আলম বলেন, টেক্সট যুগের চেয়ে বর্তমান ডিজিটাল যুগে সংবাদকক্ষগুলো সবচেয়ে বেশি বিভাজিত। অতীতে সরাসরি সেন্সরশিপ বা পত্রিকা বন্ধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হলেও এখন সুযোগ-সুবিধা ও প্রলোভনের মাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টা চলে। পাশাপাশি দীর্ঘ লেখা পড়ার প্রবণতা কমে আসায় ভিডিওভিত্তিক ডিজিটাল মাধ্যমের জনপ্রিয়তা বাড়ছে বলে জানান তিনি।
ভারতীয় দৈনিক ‘দ্য হিন্দু’র কূটনৈতিক সম্পাদক সুহাসিনী হায়দার বলেন, সাংবাদিকদের মূল দায়িত্ব তিনটি বিষয় এড়িয়ে চলা সরকারের মুখপাত্র না হওয়া, আন্দোলনকারী বা অ্যাক্টিভিস্টের মতো পক্ষ না নেওয়া এবং সংবাদকে বিনোদনে পরিণত না করা। এ ছাড়া ভূ-রাজনীতির পাশাপাশি জলবায়ু পরিবর্তন, এআই এবং অপপ্রচারের মতো নতুন হুমকি মোকাবিলায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সমন্বয়ের তাগিদ দেন তিনি।
নেত্র নিউজের এক্সিকিউটিভ এডিটর নাজমুল আহসানের সঞ্চালনায় প্যানেল আলোচনায় আরও বক্তব্য রাখেন হিমাল সাউথ এশিয়ানের প্রতিষ্ঠাতা সম্পাদক কনক মণি দীক্ষিত।