জুলাই সনদে নানা ধরনের ফাঁকফোকর ছিল: মাহমুদুর রহমান মান্না

‘জুলাই সনদে’ শুরু থেকেই নানা ধরনের ফাঁকফোকর ছিল বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। একই সঙ্গে রাষ্ট্র পরিচালনায় নির্বাহী প্রধান বা প্রধানমন্ত্রীর হাতে সব প্রতিষ্ঠানের একচ্ছত্র ক্ষমতা কেন্দ্রিক চিন্তাধারা বজায় থাকলে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে তিনি সতর্ক করেছেন।
শনিবার (২৫ জুলাই) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সোনার বাংলা পার্টির উদ্যোগে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। সোনার বাংলা পার্টির প্রধান উপদেষ্টা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মীরাজুল ইসলাম আব্বাসীর স্মরণে এই সভার আয়োজন করা হয়।
স্মরণসভায় মাহমুদুর রহমান মান্না বলেন, জুলাই সনদে উল্লেখ ছিল যে কোনো দল জনগণের ম্যান্ডেট পেলে তাদের নিজস্ব কর্মসূচি অনুযায়ী তা বাস্তবায়ন করবে। কিন্তু যে সনদে স্বাক্ষর করা হয়েছিল, সেখানে শুরুতেই বেশ কিছু ত্রুটি ও ফাঁকফোকর থেকে যায়।
বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মান্না জানান, এক বিএনপি নেতার সঙ্গে আলাপে বিচার বিভাগ সংক্রান্ত সুপ্রিম কোর্ট সচিবালয় বন্ধের কারণ জানতে চাইলে তিনি শাসন ক্ষমতার যুক্তির কথা বলেন। বিএনপির অন্যান্য নেতাদের বক্তব্যেও একই ধরনের সুর পাওয়া যাচ্ছে যা অত্যন্ত চিন্তার বিষয়। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের দেওয়া অধ্যাদেশগুলোর মধ্যে বিচার বিভাগীয় প্রধান চারটি অধ্যাদেশ ইতোমধ্যে বাতিল করা হয়েছে এবং মানবাধিকার কমিশন, তথ্য কমিশন ও দুদকের সংস্কার থমকে আছে।
সাবেক এই ছাত্রনেতা আরও বলেন, কেবল একটি দলের অনুপস্থিতিই ফ্যাসিবাদ ঠেকানোর জন্য যথেষ্ট নয়। ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার পর রাজনীতিবিদরা যেন স্বৈরাচারী হতে না পারেন, সেভাবে আইন ও রাষ্ট্রীয় কাঠামো মেরামত করতে হবে। কেবল ভালো আইন দিয়ে স্বৈরাচার ঠেকানো যাবে না, মানুষের রাজনৈতিক চিন্তাভাবনা ও মানসিকতায় আমূল পরিবর্তন আনা জরুরি বলে মন্তব্য করেন তিনি।
সোনার বাংলা পার্টির সভাপতি সৈয়দ হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভাসানী জনশক্তি পার্টির সভাপতি রফিকুল ইসলাম বাবলু, বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ডা. মোস্তাক ও রাগিব হাসান মুন্না।