ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল নেতার উদ্যোগে জলাধার পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে জলাধার পরিষ্কার এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স।
বুধবার (২৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান চত্বরসংলগ্ন লেকে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তিনি সরাসরি লেকে নেমে নিজ হাতে আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২০ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কাঁঠাল, লেবু, নিম ও পেয়ারাসহ বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে লেকের স্বাভাবিক সৌন্দর্য ফেরাতে রোপণ করা হয় কমল (পদ্ম) ফুলের চারা।
কর্মসূচি চলাকালে মিনহাজ আহমেদ প্রিন্স বলেন, পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন। সামাজিক দায়বদ্ধতা ও কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ক্যাম্পাসের পরিবেশ সুস্থ রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জলাধারের দীর্ঘমেয়াদী পরিচ্ছন্নতা নিশ্চিতে সচেতনতার ওপর জোর দিয়ে তিনি জানান, বারবার লেক পরিষ্কার করলেও অসচেতনতার কারণে আবার ময়লা জমে। তাই এমন রূপান্তর করা প্রয়োজন যেন সাধারণ মানুষ নিজের থেকেই জলাধারে বর্জ্য ফেলতে সংকোচ বোধ করেন। বিদেশের পার্কগুলোর মতো লেকে কমল ও অন্যান্য উদ্ভিদের চাষ একদিকে পরিবেশ সুরক্ষা করবে, অন্যদিকে সৌন্দর্য বৃদ্ধি করবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা হাসান কবির, কবি জসীম উদদীন হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুল ওহেদ, বিজয় একাত্তর হল ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রিমন হোসেন মন্ডল, হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাকিবুল হোসেন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আজিজুল হাকিমসহ বিভিন্ন হল ও মহানগরের ছাত্রদল নেতারা।