↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ৩১ জুলাই ২০২৬, ৪:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ ৩০ জুলাই ২০২৬, ৫:৫৪ পি.এম

দ্বিপাক্ষিক ঐকমত্যের ভিত্তিতে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে সব খাতের শ্রমিকদের জন্য পুরোপুরি উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার। উভয় দেশের দ্বিপাক্ষিক বৈঠকের পর আগামী আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকেই বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় গমন শুরু হবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (স্থানীয় সময়) বিকেল ৩টায় কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সংবাদ সম্মেলনে প্রবাসীদের কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে প্রাধান্য দিয়ে বর্তমান নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই মালয়েশিয়া সরকারের শীর্ষ পর্যায়ে নিবিড় কূটনৈতিক যোগাযোগ রক্ষা করে এসেছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি আর রামানানের আন্তরিক সহযোগিতায় এই অগ্রগতি সম্ভব হয়েছে।

অভিভাসন প্রক্রিয়া স্বচ্ছ করতে এবং খরচ কমাতে সরকার প্রথম ধাপের কর্মী নিয়োগ প্রক্রিয়ায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘বোয়েসেল’কে (BOESL) প্রাধান্য দিচ্ছে। মাহদী আমিন স্পষ্ট করে জানান, বিগত আমলে অনৈতিক কর্মকাণ্ড, দুর্নীতি ও সিন্ডিকেটের সঙ্গে জড়িত এজেন্সিগুলোর লাইসেন্স ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। ফলে নতুন তালিকাভুক্ত প্রক্রিয়ায় কোনো অপরাধী বা অনৈতিক চক্রের স্থান হবে না।

সংবাদ সম্মেলনে প্রবাসীদের প্রতি দালাল চক্র ও অসাধু ব্যক্তিদের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সঠিক পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি সাধারণ কর্মীদের আস্থার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনকে আরও জনবান্ধব করার নির্দেশ দেওয়া হয়েছে।

কেবল শ্রমবাজারই নয়, দুই দেশের সম্পর্ককে বহুমাত্রিক ও কৌশলগত রূপ দিতে জ্বালানি খাতসহ নানা ক্ষেত্রে সহযোগিতার পরিধি বাড়ানো হচ্ছে। বাংলাদেশে সৃষ্ট গ্যাস সংকট দ্রুত নিরসনে মালয়েশিয়ার সরকারি জ্বালানি জায়ান্ট ‘পেট্রোনাস’-এর মাধ্যমে গ্যাস সরবরাহের বিষয়েও দু দেশের মধ্যে উচ্চপর্যায়ে ইতিবাচক আলোচনা চলছে।

উল্লেখ্য, তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের শুক্রবার ভোরে ঢাকায় ফেরার কথা রয়েছে।