↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ৩১ জুলাই ২০২৬, ৪:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ ৩০ জুলাই ২০২৬, ৬:৫৮ পি.এম

সব মানুষের পাশে রয়েছে সরকার, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

জাতি, ধর্ম এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সব শ্রেণির মানুষের পাশে বর্তমান সরকার রয়েছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। বর্তমানে দেশে প্রায় ৪০ লাখ নিবন্ধিত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ রয়েছে বলে তথ্য প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে ‘দি দাউদি বোহরাস অব বাংলাদেশ’-এর উদ্যোগে নবনির্মিত ‘প্রজেক্ট রাইজ ওয়ার্ড ফর চাইল্ড হেলথ কেয়ার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বীর মুক্তিযোদ্ধা ডা. মাখদুমা নার্গিস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অন্তর্ভুক্তিমূলক, সহানুভূতিশীল এবং মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে কোনো নাগরিকই নিজেকে অনাদৃত, বঞ্চিত কিংবা অসহায় মনে করবে না। সরকারের নেওয়া নানা মানবিক পদক্ষেপ ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

তিনি উল্লেখ করেন, সমাজে বসবাসরত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঠিক সময়ে বিভিন্ন থেরাপি ও প্রয়োজনীয় চিকিৎসা দিলে তারা দ্রুত সুস্থ হয়ে মূল ধারার সঙ্গে মিশে যেতে পারে। এই লক্ষ্য বাস্তবায়নে শুধু সরকার নয়, সমাজের বিত্তবান মানুষদেরও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ ছাড়া সমাজসেবামূলক প্রতিষ্ঠানগুলোতে অনুদান দিলে আয়করে ছাড় (ট্যাক্স রিবেট) পাওয়ার যে আইনি সুবিধা রয়েছে, তা গ্রহণ করে মানবহিতৈষী কাজে শরিক হওয়ার জন্য সবাইকে উৎসাহিত করেন মন্ত্রী। একই সঙ্গে এই মহৎ উদ্যোগের জন্য তিনি বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ও দি দাউদি বোহরাস অব বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ এতদিন ৮০ শয্যার একটি ফিজিও থেরাপি সেন্টার পরিচালনা করে আসছিল। নতুন করে আরও ৭০টি শয্যা যুক্ত হওয়ায় এখন থেকে একসঙ্গে মোট ১৫০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু চিকিৎসাসেবা নিতে পারবে।

অনুষ্ঠানে দি দাউদি বোহরাস অব বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রামের প্রতিনিধিসহ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অধিকার ও স্বাস্থ্য নিয়ে কর্মরত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।