↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১ আগস্ট ২০২৬, ৪:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ ৩১ জুলাই ২০২৬, ৩:০৫ পি.এম

নাগরিক সেবার চিত্র দেখতে গভীর রাতে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীতে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

রাজধানীর নাগরিক সেবার বাস্তব চিত্র সরাসরি দেখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে সঙ্গে নিয়ে গভীর রাতে পরিদর্শনে বের হয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) গভীর রাতে ডিএনসিসি প্রশাসককে পাশে বসিয়ে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা ও সড়ক ঘুরে দেখেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাতের অবস্থা, সড়কবাতি এবং রাতের বেলা যান চলাচলের সামগ্রিক চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তিনি কয়েকটি স্থানে গাড়ি থামিয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে কাজের অগ্রগতি ও সেবার হালনাগাদ তথ্য নেন এবং প্রয়োজনীয় তাৎক্ষণিক নির্দেশ প্রদান করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নগরবাসীর দৈনন্দিন জীবনযাত্রার ভোগান্তি দূর করে সেবার মান বাড়াতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। রাতের বেলা নগর ব্যবস্থাপনা বাস্তবে কীভাবে পরিচালিত হচ্ছে এবং মাঠপর্যায়ে কোথায় কী ধরনের সমস্যা রয়েছে তা সরাসরি খতিয়ে দেখতেই প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন।

এর আগেও পবিত্র ঈদুল আজহার রাতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করতে একইভাবে রাজধানী পরিদর্শনে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই সময় নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণে অবহেলার প্রমাণ পাওয়ায় দায়িত্বপ্রাপ্ত দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছিল, যা সে সময় ব্যাপক আলোচিত হয়।