↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১ আগস্ট ২০২৬, ৩:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ ৩১ জুলাই ২০২৬, ৫:২৫ পি.এম

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর সফল অস্ত্রোপচার, সুস্থতা কামনায় দেশজুড়ে বিশেষ দোয়া

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এমপির হিপ জয়েন্ট প্রতিস্থাপন অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। গত শুক্রবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

পরিবারের সূত্র জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হলেও তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ/অবজারভেশন) রয়েছেন। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শ ও তত্ত্বাবধানে তিনি ধীরে ধীরে অল্প হাঁটাচলাও শুরু করেছেন। মন্ত্রীর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতার জন্য তাঁর পরিবারের সদস্যেরা সর্বস্তরের দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এদিকে ধর্মমন্ত্রীর দ্রুত রোগমুক্তি কামনায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ ছাড়া চট্টগ্রামের ঐতিহ্যবাহী আন্দরকিল্লা শাহী জামে মসজিদ ও জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদসহ দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন মসজিদে একযোগে তাঁর সুস্থতা কামনায় প্রার্থনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) মুফতি মোহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী জানান, ধর্মীয় বিষয়ক মন্ত্রীর দ্রুত শারীরিক আরোগ্য কামনায় ইসলামিক ফাউন্ডেশনের সরাসরি ব্যবস্থাপনায় সারা দেশের মসজিদগুলোতে এই বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।