↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১ আগস্ট ২০২৬, ৩:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ ৩১ জুলাই ২০২৬, ৬:৩০ পি.এম

আগামী তিন বছরের মধ্যে সবার ঘরে পৌঁছাবে ফ্যামিলি ও কৃষক কার্ড: সমাজকল্যাণ মন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বর্তমান নির্বাচিত সরকারকে একটি মানবিক সরকার হিসেবে অভিহিত করে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, সরকার দেশের প্রতিটি নাগরিকের পাশে থাকতে এবং তাঁদের কাছে সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই এই কার্যক্রম দেশের প্রতিটি গ্রামে ছড়িয়ে পড়বে এবং আগামী তিন বছরের মধ্যে দেশের প্রায় সকল পরিবারের কাছে এই ফ্যামিলি ও কৃষক কার্ড পৌঁছে দেওয়া সম্ভব হবে।

বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান। একই সঙ্গে স্বৈরাচারী কোনো শক্তি যেন নতুন করে দেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সর্বস্তরের জনগণকে সতর্ক ও সজাগ থাকার তাগিদ দেন তিনি।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে মন্ত্রী নবাবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামের মেরামত ও সৌন্দর্যবর্ধন কাজের শুভ উদ্বোধন করেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।