↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১ আগস্ট ২০২৬, ৩:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ ৩১ জুলাই ২০২৬, ১০:৪৭ পি.এম

প্রতিটি গ্রামে কবি নজরুলের আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ১৯৭৬ সালে বাংলাদেশে ফিরিয়ে এনে সম্মানজনক নাগরিকত্ব দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, সাম্য, প্রেম ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক নজরুলের বাণী শুধু শহরে সীমাবদ্ধ না রেখে প্রতিটি গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে হবে।

শুক্রবার বিকেলে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কিংবা ২০২৪ সালের অভ্যুত্থান—প্রতিটি গণজাগরণেই নজরুলের গান ও কবিতা জাতিকে নতুন প্রেরণা জুগিয়েছে। নজরুল কেবল বিদ্রোহের কবি নন, তিনি একই সঙ্গে শ্যামাসঙ্গীত ও ইসলামী সঙ্গীত রচনার মাধ্যমে সম্প্রীতি ও খোদাভীতির শিক্ষা দিয়েছেন। তাঁর সাহিত্য থেকেই সমাজ ন্যায় ও অন্যায়ের সুনির্দিষ্ট বোধ শেখে।

অনুষ্ঠানে সরকারের নানা সাফল্য তুলে ধরে রিজভী বলেন, বর্তমান প্রশাসনের আমলে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও শেয়ারবাজার কেলেঙ্কারির মতো ঘটনা বন্ধ হয়েছে। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রয়েছে এবং কৃষকরা পাটের সঠিক মূল্য পাচ্ছেন। পাশাপাশি রাজনৈতিক অঙ্গীকার অনুযায়ী খাল খনন কর্মসূচি, সর্বজনীন কার্ড বিতরণ ব্যবস্থা এবং বন্ধ থাকা শিল্পকারখানাগুলো চালুর নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।

বিরোধী রাজনৈতিক শিবিরের প্রতি গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে তিনি অবাস্তব ও মিথ্যা তথ্য ছড়ানো থেকে বিরত থাকার পরামর্শ দেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি সবাইকে সতর্ক থাকার তাগিদ দিয়ে বলেন, ফ্যাসিবাদের যেকোনো চক্রান্ত ও ফাঁদ সম্পর্কে রাজনৈতিক কর্মীদের সজাগ থাকতে হবে।

জেলা জিয়া পরিষদের সভাপতি উপাধ্যক্ষ আহমুদুল হক চৌধুরী স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে কবি নজরুলের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নজরুল গবেষক ড. মুন্সি আবু সাইফ ও মো. গোলাম মোস্তফা। অনুষ্ঠানে জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী পারভেজুর রহমান ও জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদসহ অন্য অতিথিরা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ নাটোর চিনিকল পরিদর্শনে যান। সেখানে উপস্থিত সিবিএ নেতা ও সংশ্লিষ্ট কর্মীরা তাঁকে স্বাগত জানান।