↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ৩ আগস্ট ২০২৬, ৪:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ ২ আগস্ট ২০২৬, ৬:৪৫ পি.এম

স্বাক্ষরিত রূপেই বাস্তবায়িত হবে জুলাই সনদ, বিচার হবে গণহত্যার: মাহদী আমিন

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে ঠিক সেভাবেই তা বাস্তবায়ন করবে সরকার। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানকালীন গণহত্যার বিচারও সুনিশ্চিত করা হবে বলে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

রোববার (২ আগস্ট) বিকেলে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে ‘জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স’ (জেআরএ) আয়োজিত ‘জুলাই বিপ্লববিষয়ক প্রথম সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদরা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের যে বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন, সেই গণআকাঙ্ক্ষা বাস্তবায়নই বর্তমান নির্বাচিত সরকারের মূল লক্ষ্য। মেধার সঠিক মূল্যায়ন এবং বৈষম্যহীন একটি সত্যিকারের সার্বভৌম রাষ্ট্র গঠনে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আহত ও শহীদ পরিবারের সার্বিক সহায়তার বিষয়ে উপদেষ্টা জানান, আন্দোলনে অনেকে স্থায়ী পঙ্গুত্ববরণ করেছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন কিংবা এখনো চিকিৎসাধীন। নির্বাচিত সরকার গভীর দায়িত্ববোধ, আন্তরিকতা ও সহমর্মিতা নিয়ে তাঁদের পাশে থাকবে এবং দীর্ঘমেয়াদী সহায়তা প্রক্রিয়া অব্যাহত রাখবে।

১৬ বছরের ফ্যাসিবাদী কাঠামোর প্রভাব রাতারাতি দূর করা কঠিন উল্লেখ করে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জুলাইয়ের মূল্যবোধ ও আদর্শকে ধারণ করে কাজ করে যাচ্ছে। কোনো দলীয় বা রাজনৈতিক ভেদাভেদ না রেখে ‘বাংলাদেশপন্থী’ পরিচয়ে দল-মত নির্বিশেষে একটি মানবাধিকারভিত্তিক, গুম-খুন মুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনই সরকারের মূল অঙ্গীকার।