সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিতে প্রান্তিক পর্যায়ে সেবা পৌঁছে দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

একটি সুস্থ ও সবল জনগোষ্ঠী ছাড়া কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি সম্ভব নয় উল্লেখ করে দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (২ আগস্ট) বিকেলে গাইবান্ধা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের বিদ্যমান চিকিৎসা ব্যবস্থায় ইতিবাচক রূপান্তর আনতে নানা অবকাঠামোগত পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে উপজেলা পর্যায়ে আধুনিক প্যাথলজি সেবা এবং নারী ও পুরুষদের জন্য পৃথক ফিজিওথেরাপি সুবিধাসহ ১০১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু করেছে সরকার।
পরিদর্শনকালে বিগত সরকারের মেয়াদের অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, অতীতে প্রয়োজনীয় জনবল কিংবা ওষুধের সংস্থান না করে কেবল কেনাকাটার নামে অহেতুক বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে। খুলনা ও ফরিদপুরসহ বিভিন্ন হাসপাতালে কোটি কোটি টাকার মেডিকেল যন্ত্রপাতি অচল হয়ে পড়ে থাকার উদাহরণ দিয়ে চিকিৎসা খাতের এসব সরঞ্জাম ক্রয়ে আর্থিক অনিয়মের বিষয়ে ক্ষোভ জানান তিনি।
এর আগে মন্ত্রী গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামো ও সার্বিক চিকিৎসাসেবা ঘুরে দেখেন এবং সেখানে চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থা ও সেবার মানের বিষয়ে সরাসরি কথা বলেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান ডা. ময়নুল হাসান সাদিক, সংসদ সদস্য মো. আব্দুল করিম, জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসিম উদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুন্নবী টিটুল এবং সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান সরকারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।