প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন ছাড়া দেশের প্রবৃদ্ধি সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী

জনগণকে রাষ্ট্রের প্রকৃত মালিক বিবেচনা করে বর্তমান সরকার সেবা কার্যক্রম পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন ভূমি প্রতিমন্ত্রী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মুহাম্মদ হেলাল উদ্দীন। তিনি উল্লেখ করেন, প্রান্তিক জনপদের মানুষের জীবনমানের সুনির্দিষ্ট উন্নয়ন না হলে সামগ্রিকভাবে দেশের উন্নয়ন সম্ভব নয়।
রোববার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামের বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ মাঠে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা বন্যাকবলিত এলাকাগুলোতে ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছেন। বন্যা-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় দুর্গত মানুষদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের পুনর্বাসন নিশ্চিত করতে ধারাবাহিক কাজ পরিচালিত হচ্ছে।
জেডআরএফ-এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ড. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. ফরহাদ হালিম ডোনার। অধ্যাপক ড. বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী ও বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রকৌশলী উমাশা উমায়ুন মনি চৌধুরী, অধ্যাপক ড. জহির উদ্দিন, অধ্যাপক ড. এহসানুল হক রোকন, ড. সরোয়ার আলম, ডা. নুরুল করিম, পারভেজ রেজা কাকন, শেখ মনির উদ্দিন, শফিকুল ইসলাম ও চট্টগ্রাম জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট মো. নাছির উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিপুলসংখ্যক সুবিধাভোগী উপস্থিত ছিলেন।