৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে মেগা ক্রীড়া আয়োজন ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

দেশের ক্রীড়াঙ্গনে তৃণমূল পর্যায়ের সর্ববৃহৎ সমন্বয় ঘটাতে প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে শুরু হতে যাচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট। দেশের ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ভোকেশনাল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।
সোমবার (৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট জাতীয় স্ট্যান্ডিং কমিটি’র সভা শেষে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা এবং কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এসব তথ্য জানান। তিনি উল্লেখ করেন, ছেলেদের দল গঠনের বিষয়টি বাধ্যতামূলক করা হলেও মেয়েদের ক্ষেত্রে তা রাখা হয়েছে ঐচ্ছিক।
উপদেষ্টা জানান, পূর্বে প্রাথমিক পর্যায়ে প্রায় ২২ লাখ এবং মাধ্যমিক পর্যায়ে ১১ লাখের বেশি শিক্ষার্থী ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিলেও ব্র্যান্ডিং ও প্রচারণার ঘাটতি ছিল। এবার সেই সীমাবদ্ধতা কাটিয়ে টুর্নামেন্টটিকে বড় পরিসরে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বকাপের আদলে উদ্বোধনী অনুষ্ঠান, অফিসিয়াল টিম সং এবং শিক্ষার্থীদের পরিবেশনায় সৃজনশীল কর্মসূচির মাধ্যমে এটিকে একটি জাতীয় উৎসবে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
আয়োজনের স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিতে একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে একটি শক্তিশালী পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী পর্ব ও সমাপনী ফাইনাল খেলা—উভয় অনুষ্ঠানেই প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। রাজধানী ঢাকার বাইরে থেকে এই ক্রীড়াযজ্ঞ আনুষ্ঠানিকভাবে শুরু হবে যেন প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীরাও সমান উৎসাহ পায়।
স্থানীয় জনপ্রতিনিধি ও সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার তাগিদ দেওয়ার পাশাপাশি তথ্য ও সম্প্রচার, যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় যৌথভাবে টুর্নামেন্ট সফল করতে কাজ করবে। প্রধানমন্ত্রী নিজে এই টুর্নামেন্টের নামকরণ করেছেন এবং এটি আগামী প্রজন্মের জন্য শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার এক অনন্য জাতীয় উদ্যোগে পরিণত হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
উক্ত স্ট্যান্ডিং কমিটির সভায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।