তরুণ সমাজকে পশ্চাৎমুখী রাজনীতি এড়িয়ে প্রগতিশীল রাজনৈতিক চর্চা করার আহ্বান: রুহুল কবির রিজভী

তরুণদের রাজনীতির মূল ভিত্তি হওয়া উচিত প্রগতিশীলতা ও অগ্রগামী চিন্তাধারা উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পশ্চাৎমুখী রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে রাজনৈতিক দর্শনের দিক থেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (২ আগস্ট) সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত ‘জুলাই রক্তাক্ত: স্মরণ ও প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি স্মরণ করে রুহুল কবির রিজভী বলেন, তৎকালীন শাসক শেখ হাসিনা গুলির জোরে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করলেও এ দেশের মানুষের বীরত্ব ও সাহসের ইতিহাসকে সঠিকভাবে অনুধাবন করতে পারেননি। ১৭ বছরের অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামই জুলাই বিপ্লবের চূড়ান্ত পটভূমি তৈরি করেছে।
রাজনীতিতে শিষ্টাচার ও ভাষা ব্যবহারের প্রসঙ্গ টেনে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করতে অশালীন ও কটু ভাষা ব্যবহার উন্নত রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। ঘৃণার রাজনীতি করে সমাজে কেউ স্থায়ী স্থান করে নিতে পারে না উল্লেখ করে নতুন প্রজন্মের রাজনীতিবীদের প্রতি একটি গঠনমূলক ও মার্জিত রাজনৈতিক ধারা উপহার দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রশাসনে নতুন লোক নিয়োগের বিষয়ে তিনি যুক্তরাষ্ট্রের ‘স্পয়েলস সিস্টেম’-এর উদাহরণ দিয়ে বলেন, সরকার পরিবর্তনের পর গুরুত্বপূর্ণ পদে বিশ্বব্যাপী নতুন নিয়োগ দেওয়ার রীতি প্রচলিত রয়েছে, যা সম্পূর্ণ নিয়মসম্মত। তবে ভবিষ্যতে জামায়াত ক্ষমতায় এলে দেশে সবচেয়ে বড় দলীয়করণের ঘটনা ঘটবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বক্তব্য প্রদানকালে সাম্প্রতিক নানা ইস্যু তুলে ধরে ছাত্রশিবির এবং একাধিক ছাত্র প্রতিনিধির বিতর্কিত কর্মকাণ্ড ও মন্তব্যের কড়া সমালোচনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল, মহানগর বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।