↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ৪ আগস্ট ২০২৬, ৭:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ ৩ আগস্ট ২০২৬, ১০:৫১ পি.এম

বাংলাদেশ-কোরিয়া সিইপিএ চুক্তি দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে: বাণিজ্যমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারি চুক্তি (সিইপিএ) দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি উল্লেখ করেন, এটি কেবল সাধারণ কোনো দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নয়; বরং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক জোট গঠনের একটি মজবুত ভিত্তি হিসেবে কাজ করবে।

সোমবার (৩ আগস্ট) রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সফররত দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু-এর সম্মানে আয়োজিত নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী কোরিয়ার দ্রুত অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করে বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের এই মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ বৈশ্বিক অর্থনৈতিক সম্পৃক্ততার নতুন ধাপে প্রবেশ করছে। এমন প্রেক্ষাপটে সিইপিএ চুক্তি দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, শিল্পায়ন ও প্রযুক্তিগত উদ্ভাবনে বহুমাত্রিক গতি আনবে।

অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু বাংলাদেশকে তাঁর ‘দ্বিতীয় শহর’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান শিল্পভিত্তি ও বিশাল অভ্যন্তরীণ বাজার দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর দারুণ সুযোগ তৈরি করেছে। চট্টগ্রামের সাথে তাঁর অতীত কাজের অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি জানান, উভয় দেশের ব্যবসাকে একটি নির্ভরযোগ্য ও স্থিতিশীল কাঠামোর ওপর দাঁড় করাতে এই চুক্তি আলোচনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকীসহ দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা।

আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া দ্রুততম সময়ে শেষ করে অদূর ভবিষ্যতে সিইপিএ চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে বলে উভয় দেশের বাণিজ্যমন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।