আওয়ামী লীগের পরিণতি নির্ধারণ করবে আদালত: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

দেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগের চূড়ান্ত পরিণতি কী হবে, তা নির্বাহী আদেশের পরিবর্তে আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণহত্যার পাশাপাশি মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) মাধ্যমে দলটির বিরুদ্ধে তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদের বিচার নিশ্চিত করার ব্যাপারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।
জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ছাত্রদল, যুবদল ও অন্যান্য বিরোধী দলগুলোর গণতান্ত্রিক আন্দোলন রক্তাক্ত রূপ নিতে বাধ্য হয়, যখন নিয়মতান্ত্রিক পথ রুদ্ধ করা হয়েছিল। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অর্জিত এই জাতীয় অর্জনকে কোনো নির্দিষ্ট সীমায় না বেঁধে সবার যৌথ প্রাপ্তি হিসেবে দেখার আহ্বান জানান তিনি।
সংবিধান সংস্কারের বিষয়ে বিরোধী দলের দৃষ্টি আকর্ষণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক মাঠের বিভিন্ন শব্দচয়ন যাই হোক না কেন, বাস্তবসম্মত উপায়ে সংবিধান সংশোধনী প্রস্তাবের মাধ্যমেই সংস্কার প্রক্রিয়া গ্রহণ করতে হবে। সর্বজনীন জাতীয় সনদ এবং সংবিধান বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে এমন একটি দীর্ঘমেয়াদি সংশোধনী আনা হবে, যেন গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা পুরোপুরি প্রতিফলিত হয়।
শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, একাত্তরের চেতনাকে রাজনৈতিকভাবে ব্যবহারের পর শেখ হাসিনা ও তাঁর দলের রাজনৈতিক পতন ঢাকায় ঘটেছে এবং চূড়ান্ত পরিণতি ঘটেছে দিল্লিতে। গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত জাতির প্রত্যাশা পূরণ করতে না পারলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না বলেও তিনি সতর্ক করেন।