↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ৭ আগস্ট ২০২৬, ৪:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ ৫ আগস্ট ২০২৬, ১০:৫৮ পি.এম

অস্থিতিশীলতা সৃষ্টিকারীরা ফ্যাসিবাদেরই সুবিধা করে দিচ্ছে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

স্বৈরাচারের দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, অহেতুক দেশকে অস্থিতিশীল করার চেষ্টা প্রকৃতপক্ষে ফ্যাসিবাদেরই সুবিধা করে দেয়। তাই জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া সকল গণতন্ত্রকামী ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক।

প্রতিমন্ত্রী টুকু বলেন, জুলাই আন্দোলন দেশের সকল মানুষের যৌথ অর্জন। একটি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির ওপর দাঁড়িয়ে সাড়ে পাঁচ মাস আগে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে দেশের উন্নয়নে কাজ শুরু করেছে। ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুম-খুনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গঠনের যে প্রত্যাশা নিয়ে জনগণ বিএনপিকে নির্বাচিত করেছে, প্রধানমন্ত্রী তা পূরণে সক্ষম হবেন।

আহত জুলাই যোদ্ধাদের দাবির প্রেক্ষিতে টাঙ্গাইলের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে প্রতিমন্ত্রী ঘোষণা দেন, সরকারি স্বীকৃতিপ্রাপ্ত কার্ডধারী প্রতিটি জুলাই যোদ্ধার জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা এবং তাঁদের কর্মসংস্থানে সর্বোচ্চ সহায়তা করা হবে।

এর আগে জাতীয় সংগীত ও শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সভায় জেলার ১২টি উপজেলার ৩০ জন আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য দেন। পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। এর আগে সকালে টাঙ্গাইলে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের নানা কর্মসূচির সূচনা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, ড্যাব জেলা শাখার আহ্বায়ক ডা. এমএ মতিনসহ সরকারি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।