এলএনজি সরবরাহ শুরু, দুই-তিন দিনে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী

যান্ত্রিক ত্রুটির অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার বিকেল থেকেই ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হতে যাচ্ছে। এর ফলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সার্বিক গ্যাস সরবরাহ ব্যবস্থা পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে জ্বালানি মন্ত্রী এসব কথা নিশ্চিত করেন।
মন্ত্রী জানান, এলএনজি টার্মিনাল থেকে সঞ্চালন পুনরায় চালু হলে যেখানে গ্যাসের চাপ কমে গিয়েছিল, তা ধীরে ধীরে উন্নত হবে। গ্যাস সংকটের কারণে যেসব পাওয়ার স্টেশন বন্ধ হয়ে গিয়েছিল, সরবরাহ স্বাভাবিক হওয়ার সাথে সাথে সেগুলোও আবার চালু করা হবে। এতে করে দ্রুতই বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিং সমস্যার সমাধান মিলবে।
বিদ্যুতের ভৌতিক বিল সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ জানান, বিল নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতির সঠিক হিসাব ও ঋতুভিত্তিক ব্যবহারের তারতম্যের কারণেই অনেক ক্ষেত্রে বিলের পার্থক্য দেখা দেয় বলে তিনি মন্তব্য করেন।
এদিকে ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়ে মন্ত্রী জানান, এটি ছিল একটি রুটিন মাফিক আলোচনা। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনার পাশাপাশি ভারত থেকে বিদ্যমান পাইপলাইনের মাধ্যমে আরও বেশি পরিমাণে ডিজেল দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।