বাংলাদেশ টেলিভিশনের নতুন মহাপরিচালক কাজী জেসিন

রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও জনপ্রিয় উপস্থাপক কাজী জেসিন। গ্রেড-১ পদপর্যায়ে চুক্তিভিত্তিতে এক বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়।
জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১’-এর ধারা ১১(১) অনুযায়ী কাজী জেসিনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্ত সাপেক্ষে এ নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি যোগদানের দিন থেকে পরবর্তী এক বছরের জন্য বিটিভির মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন।
জনস্বার্থে জারি করা এ আদেশের চুক্তিপত্রের মাধ্যমে অন্যান্য শর্তাবলি নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
কাজী জেসিন দেশের গণমাধ্যম জগতে একজন পরিচিত মুখ। দীর্ঘ ক্যারিয়ারে তিনি দৈনিক আমার দেশ, এনটিভি, চ্যানেল ওয়ান, একুশে টিভি, বাংলাভিশন এবং যমুনা টিভিতে দায়িত্ব পালন করেছেন।