↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ৮ আগস্ট ২০২৬, ১২:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ ৭ আগস্ট ২০২৬, ৫:০৫ পি.এম

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে ঝটিকা অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রীর

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশে একের পর এক প্রাণঘাতী সড়ক দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে নিয়মিত ঝটিকা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন সড়ক, মহাসড়ক ও রেলপথ বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। অসতর্কতা কিংবা বেপরোয়া গাড়ি চালানোর কারণে যেন আর কোনো পরিবার স্বজনহারা না হয়, সে লক্ষ্যে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে জানান তিনি।

শুক্রবার (৭ আগস্ট) সকালে রাজধানীর মদিনাবাগ ওয়াসা রোডের পাগল চাঁদ হোটেল সংলগ্ন এলাকায় আয়োজিত এক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সেখানে মুগদা থানা স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, সারা দেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক ও সড়কগুলোতে বিআরটিএ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে নিয়মিত ঝটিকা টহল দেওয়া হবে। অতিরিক্ত গতি, ট্রাফিক আইন অমান্য, ফিটনেসবিহীন যানবাহন চালানো এবং চালকদের অবহেলার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু সরকারের একা নয়, বরং চালক, মালিক ও যাত্রী সকলের যৌথ দায়িত্ব।

কর্মসূচিতে উপস্থিত হয়ে প্রতিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ ও পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষ জোর দেন। একই সাথে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে এলাকার মাদকের বিভিন্ন স্পট চিহ্নিত করেন এবং চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে তাত্ক্ষণিক কঠোর আইনি পদক্ষেপ নিতে পুলিশকে নির্দেশ প্রদান করেন।

বক্তব্যের শুরুতেই সড়ক, মহাসড়ক ও রেলপথ বিভাগের প্রতিমন্ত্রী জুলাই গণ-অভ্যুত্থানের বীর যোদ্ধা ও শহীদ পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। উক্ত মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।