↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ৮ আগস্ট ২০২৬, ১২:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ ৭ আগস্ট ২০২৬, ১১:১৫ পি.এম

মঞ্চ ছেড়ে কর্মীদের সারিতে বসে তৃণমূলের কথা শুনলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ব্যতিক্রমী আয়োজন ও অত্যন্ত আন্তরিক পরিবেশে চাঁদপুরের কচুয়া পৌরসভা ও ৭নং সদর (দক্ষিণ) ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে উপজেলার কচুয়া পৌরসভা ও ৭নং ইউনিয়নের নেতাকর্মীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মঞ্চের নির্ধারিত আসন এড়িয়ে সাধারণ কর্মীদের সারিতে একটি সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসেই মতবিনিময় শুরু করেন মন্ত্রী, যা উপস্থিত সবার দৃষ্টি কেড়েছে।

মতবিনিময়কালে মন্ত্রী প্রতিটি ইউনিয়নের কর্মীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তৃণমূল নেতারা নিজ নিজ এলাকার অবকাঠামোগত উন্নয়ন, বিভিন্ন সমস্যা, সাংগঠনিক কার্যক্রম এবং ব্যক্তিগত সুখ-দুঃখের নানা বিষয় তুলে ধরেন। জবাবে শিক্ষামন্ত্রী উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখে তৃণমূলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার ওপর গুরুত্বারোপ করেন।

মঞ্চের পরিবর্তে সাধারণের পাশাপাশি বসে কথা বলায় উপস্থিত সকলের মধ্যে এক বিশেষ আন্তরিকতার আবহ তৈরি হয়। উপস্থিত নেতাকর্মীরা জানান, মন্ত্রীর সঙ্গে সরাসরি নিজেদের সমস্যা ও প্রস্তাব নিয়ে কথা বলার সুযোগ পেয়ে তারা অনুপ্রাণিত হয়েছেন। তাঁদের মতে, এ ধরনের উন্মুক্ত পদক্ষেপ তৃণমূলের সঙ্গে শীর্ষ নেতৃত্বের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদিন স্বপন, সাধারণ সম্পাদক মাসুদ এলাহি সুভাষ, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মো. শাহজালাল প্রধান, কচুয়া উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়াজীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।