ছেলের খতনা উপলক্ষে জাঁকজমক এড়িয়ে সাড়ে ৩ হাজার এতিম-শিক্ষার্থীকে খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

ছেলের সুন্নাতে খতনাকে কেন্দ্র করে কোনো ধরনের জাঁকজমকপূর্ণ বা বিলাসবহুল আয়োজন না করে ভিন্নধর্মী মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
একমাত্র ছেলে মো. সাফারাত ওয়াসিত বিন সালাউদ্দিনের খতনা উপলক্ষে শুক্রবার (৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার চারটি মাদ্রাসা ও এতিমখানার প্রায় সাড়ে তিন হাজার এতিম ও সাধারণ শিক্ষার্থীর জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করেন তিনি। টাঙ্গাইলের ধুলেরচর, বেবিস্ট্যান্ড, বাজিতপুর এবং ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামের এতিমখানাগুলোতে এই খাবার বিতরণ করা হয়।
শুক্রবার দুপুরে ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইল পৌঁছে তারটিয়া গ্রামের জামিয়া আল-হেরা মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রতিমন্ত্রী টুকু। নামাজের পূর্বে উপস্থিত সমবেত মুসল্লিদের উদ্দেশে কথা বলতে গিয়ে তিনি বলেন, ইসলামে খতনা উপলক্ষে অহেতুক জাঁকজমক না করার নির্দেশনা রয়েছে। সেই ভাবনা থেকেই তিনি নিজের একমাত্র ছেলের খতনার আনন্দ এতিম ও শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেন।
জুমার নামাজ ও বিশেষ দোয়া-মোনাজাত শেষে ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া মাদ্রাসার প্রায় ১ হাজার ৮০০ শিক্ষার্থীর সঙ্গে একই টেবিলে বসে দুপুরের খাবার গ্রহণ করেন প্রতিমন্ত্রী। শিক্ষার্থীদের খাবারের তালিকায় ছিল গরুর মাংস, ডাল ও দই।
আয়োজনে স্থানীয় বিএনপি নেতা-কর্মী, জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক শানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিনসহ এলাকার বিশিষ্টজন, শিক্ষক ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রীর এমন সাদামাটা ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলেছে।