গ্রামে ‘হেলথ হাব’ করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, হাইমচরে অব্যবস্থাপনায় সিভিল সার্জন স্ট্যান্ড রিলিজ

গ্রামের বাসিন্দাদের চিকিৎসাসেবা পেতে যেন শহরে ছুটতে না হয়, সে জন্য স্থানীয় পর্যায়েই মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সারা দেশে ‘হেলথ হাব’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।
রোববার সকালে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরেজমিনে পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এসব কথা জানান। পরিদর্শনকালে সরকারি এই হাসপাতালের চরম অব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার নাজুক পরিস্থিতি দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।
হাসপাতালের প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে উপস্থিত চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. মো. নুর আলম দীনকে তাৎক্ষণিক স্ট্যান্ড রিলিজের আদেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। একই সাথে তিনি হাসপাতালের স্বাস্থ্যসেবা ও ব্যবস্থাপনা উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কড়া ভাষায় প্রয়োজনীয় নির্দেশনা দেন।
স্বাস্থ্যখাতের বর্তমান চিত্র তুলে ধরে সাখাওয়াত হোসেন বলেন, বিগত সরকারের চরম অবহেলার কারণেই দেশের স্বাস্থ্যখাতে ভঙ্গুর ও অরাজক অবস্থা তৈরি হয়েছে। সে সময়ে অতিরিক্ত দামে অপ্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম কেনাকাটার মাধ্যমে সরকারি অর্থ লুটপাট ও আত্মসাৎ করা হয়েছিল বলে তিনি অভিযোগ আনেন।
স্বাস্থ্যমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের পর হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা অনিয়ম ও জবাবদিহিতার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। পরিদর্শনকালে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।