↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১০ আগস্ট ২০২৬, ৩:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ ৯ আগস্ট ২০২৬, ১০:৫২ পি.এম

রেজিস্টার্ড হকার ছাড়া আর কেউ রাস্তায় বসতে পারবেন না: ডিএসসিসি প্রশাসক

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

রাজধানীর সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে নিবন্ধনকৃত (রেজিস্টার্ড) হকার ছাড়া আর কাউকে বসতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। দীর্ঘস্থায়ী এই সংকট নিরসনে আগামী এক সপ্তাহের মধ্যে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণের চেষ্টা চালানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

রোববার (৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত ‘হকার পুনর্বাসন ব্যবস্থাপনায় জাতীয় নীতিমালার বিকল্প নাই’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক জানান, অতীতে একাধিকবার হকার পুনর্বাসনের নানা পদক্ষেপ নেওয়া হলেও সমন্বয়ের অভাবে তা সুফল আনেনি। তাই এবার হকারদের শতভাগ নিয়মের মধ্যে আনতে নিবিড় তথ্য সংগ্রহ ও তালিকা প্রণয়ন করা হবে। পাশাপাশি তাঁদের সুনির্দিষ্ট পরিচয়পত্র বা আইডি কার্ড দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

শহরের স্বাভাবিক চলাচলের সুযোগ রেখে ব্যবসায়িক সুবিধা নিশ্চিতে হকারদের জন্য নির্দিষ্ট বার বা দিনে ‘হলিডে মার্কেট’ চালু করার পরিকল্পনার কথা জানান প্রশাসক। তিনি আরও যোগ করেন, পুনর্বাসন কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে প্রতি সপ্তাহে বিভিন্ন হকার্স সমিতির প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করা হবে এবং আলোচনার মাধ্যমে সব পক্ষের জন্য গ্রহণযোগ্য স্থায়ী সমাধানের পথ খোঁজা হবে।