↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ আগস্ট ২০২৬, ৮:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ ১০ আগস্ট ২০২৬, ৬:৪৩ পি.এম

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের দ্রুত প্রত্যর্পণে ভারতকে আবারও অনুরোধ বাংলাদেশের

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদেরও দ্রুত বাংলাদেশে হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে।

সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করতে গেলে বাংলাদেশের পক্ষ থেকে এসব বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এ তথ্য প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনগত প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়টি বৈঠকে গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে এবং ভারত এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। পাশাপাশি শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও সন্দেহভাজনদের ফেরাতে ভারতের চাহিদামতো সব নথিপত্র ইতোমধ্যেই সরবরাহ করা হয়েছে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় আসামীদের দ্রুত প্রত্যর্পণের তাগিদ দেওয়া হয়েছে।

এর আগে ৫ আগস্টের ঘটনা ঘিরে ভারতে শেখ হাসিনার বক্তব্য প্রদানের মাধ্যমে বাংলাদেশের বিচার বিভাগ ও রাষ্ট্রীয় কাঠামোর প্রতি যে বিদ্বেষ ছড়ানো হয়েছে, সে বিষয়ে বাংলাদেশের সুস্পষ্ট অবস্থান ভারতীয় কর্তৃপক্ষকে পুনর্ব্যক্ত করা হয়। পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের আদালতের রায় ও রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকার বিষয়ে ভারত অনুধাবন করতে পেরেছে এবং ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না বলে আশাবাদ প্রকাশ করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, সীমান্ত হত্যা ও পুশ-ইনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও দুই দেশের কূটনৈতিক আলোচনার ধারাবাহিকতায় প্রাথমিক ও সংক্ষিপ্ত কথা হয়েছে। দু’দেশের পারস্পরিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি সহায়ক পরিবেশ তৈরির ওপর উভয় পক্ষই জোর দিয়েছে।