বিদেশে শিক্ষাবাবদ খরচে আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুযোগ দিলো বাংলাদেশ ব্যাংক

বিদেশে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষা-সংক্রান্ত সার্বিক ব্যয় পরিশোধ প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে টিউশন ফি ও আনুসঙ্গিক খরচ পরিশোধের ক্ষেত্রে আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা প্রদান করতে পারবে।
সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, ব্যাংকগুলো বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি লেনদেনের সুবিধার্থে শিক্ষার্থী বা তাঁর শিক্ষা ব্যয় পরিচালনাকারীর নামে আন্তর্জাতিক ডেবিট, প্রিপেইড বা ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে। বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন অনলাইন ভর্তি প্ল্যাটফর্মে কার্ডের মাধ্যমে ফি জমার তাগিদ বৃদ্ধি পাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে, আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে শিক্ষা-সংক্রান্ত এই লেনদেন সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালিত হবে। অর্থাৎ, এ বাবদ ব্যবহৃত অর্থ শিক্ষার্থীদের বা ভ্রমণকারীদের নির্ধারিত বার্ষিক ভ্রমণ কোটা কিংবা প্রচলিত অন্যান্য বৈদেশিক মুদ্রা সুবিধার হিসাবভুক্ত হবে না।
তবে কার্ড ইস্যু করার ক্ষেত্রে এডি ব্যাংকগুলোকে প্রয়োজনীয় সব ধরনের আইনি ও নিয়মতান্ত্রিক আনুষ্ঠানিকতা বজায় রাখার কড়া তাগিদ দেওয়া হয়েছে। একই সাথে শুধুমাত্র অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট খাতেই নির্ধারিত সময়ের মধ্যে এ অর্থ লেনদেন করা হচ্ছে কি না, ব্যাংক তা নিশ্চিত করবে। ভবিষ্যতে যাচাইয়ের জন্য উপযুক্ত পারপাস কোড ব্যবহার করে লেনদেনের যাবতীয় তথ্য নিয়মিত কেন্দ্রীয় ব্যাংকে প্রতিবেদন আকারে দাখিল করতে হবে।