আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সর্বাত্মক সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

বাংলাদেশে বর্তমানে বিদেশি বিনিয়োগের অত্যন্ত অনুকূল পরিবেশ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি বলেন, দেশে বিনিয়োগে আগ্রহী যেকোনো বিদেশি বিনিয়োগকারীকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করতে সরকার প্রস্তুত রয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।
সাক্ষাৎকালে অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রীকে জানান, প্রায় দুই মাস আগে দায়িত্ব গ্রহণ করা তাঁদের নতুন কমিটি বাংলাদেশে আরও বেশি মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং উভয় দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করতে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বর্তমান স্থিতিশীল পরিবেশ ও সম্ভাবনার কথা তুলে ধরে মার্কিন বিনিয়োগকারীদের নতুন নতুন খাতে বিনিয়োগের আহ্বান জানান।
উক্ত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।