↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১২ আগস্ট ২০২৬, ১১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ ১২ আগস্ট ২০২৬, ৮:০৪ পি.এম

তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য: মন্ত্রী আমির খসরু

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য উল্লেখ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার কোনো অবস্থাতেই তথ্যের বিভ্রান্তি তৈরি করবে না। সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য-উপাত্তই যেকোনো কার্যকর জননীতি প্রণয়নের পূর্বশর্ত।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) ‘নেভিগেটিং ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর অ্যাচিভিং এসডিজিস: পলিসি, পার্টনারশিপ অ্যান্ড প্রায়োরিটিজ’ শীর্ষক তিন দিনব্যাপী জাতীয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠান শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অতীতের প্রসঙ্গ টেনে অর্থমন্ত্রী উল্লেখ করেন, বিগত সময়ে পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যে যে বিভ্রান্তি বা ‘মিসইনফরমেশন’ দেখা যেত, বর্তমান সরকারের অধীনে তা সম্পূর্ণ বন্ধ থাকবে। ইতোমধ্যে পরিসংখ্যান ব্যুরোকে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে, যেন সরকার সঠিক তথ্যের ওপর ভিত্তি করে সঠিক নীতি গ্রহণ করতে পারে।

তিনি আরও জানান, প্রকাশের পূর্বে তিনি নিজেও তথ্য-উপাত্ত যাচাই করেছেন, যার মধ্যে চাল ও মাংসের দাম কমার পরিসংখ্যানও অন্তর্ভুক্ত ছিল। নতুন মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট ডেটা একাধিকবার পর্যালোচনা ও বৈঠকের পর চূড়ান্ত করা হয়েছে বলে তিনি দাবি করেন।

একই সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি জানান, মূল্যস্ফীতি পরিমাপের পদ্ধতি ও পুরো প্রক্রিয়া নিয়ে ভবিষ্যতে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে। এর ফলে সরকারি তথ্যের নির্ভরযোগ্যতা ও স্বচ্ছতার প্রক্রিয়া সকলের কাছে আরও স্পষ্ট হবে।

উল্লেখ্য, বাংলাদেশের পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন নিয়ে বিভিন্ন নীতিনির্ধারক, বিশেষজ্ঞ ও অংশীজনদের অংশগ্রহণে আয়োজিত তিন দিনব্যাপী এই জাতীয় সম্মেলন আজ শেষ হলো।