বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নতুন নির্দেশনা জারি

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থার শৃঙ্খলা বজায় রাখতে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধসহ যেকোনা আলোকসজ্জা সম্পূর্ণভাবে না করার আহ্বান জানানো হয়েছে।
বুধবার (১২ আগস্ট) রাতে বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়। বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়া স্বাক্ষরিত স্মারকটিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নতুন সরকারি এই নির্দেশনা অনুযায়ী, শপিংমল ও মার্কেট খোলার সময়সীমাও পুনর্নির্ধারণ করা হয়েছে। এখন থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে। এর আগে গত ১১ জুনের নির্দেশনায় রাত ৯টা পর্যন্ত মার্কেট খোলা রাখার অনুমতি থাকলেও বর্তমান স্মারকের মাধ্যমে সেই সময়সীমা ১ ঘণ্টা কমিয়ে আনা হলো।
স্মারকে আরও উল্লেখ করা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে চলমান ও আয়োজিত মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও রাত ৮টার সময়সীমা প্রযোজ্য হবে। নির্ধারিত সময়ের মধ্যেই এসব আয়োজন শেষ করতে হবে। তবে রেস্তোরাঁ ও খাবারের দোকান, হাসপাতাল, ফার্মেসিসহ অন্যান্য অতি জরুরি সেবাসমূহ নির্দেশনার আওতার বাইরে থাকবে।