↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৪ আগস্ট ২০২৬, ৯:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ ১৩ আগস্ট ২০২৬, ৭:৫৪ পি.এম

তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের নতুন স্থায়ী প্রতিনিধি ড. আইরিন খানের সৌজন্য সাক্ষাৎ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. আইরিন জুবাইদা খান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান ও উন্নয়ন অর্জনসমূহ যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে ভুল তথ্য ও অপপ্রচার মোকাবিলায় জোর আলোচনা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পররাষ্ট্র ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সম্ভাব্য যোগদান কেন্দ্র করে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের কার্যক্রম ও প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি সুসংগঠিতভাবে প্রচারের বিষয়টি স্থান পায়। রাষ্ট্রদূত ড. আইরিন খান বহির্বিশ্বে দেশের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ধারাবাহিক সহযোগিতা কামনা করলে মন্ত্রী জহির উদ্দিন স্বপন তাতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণাকে উভয় পক্ষই গভীর উদ্বেগের বিষয় ও বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। এ ধরনের অপতথ্য সামাল দিতে দ্রুত তথ্যপ্রবাহ নিশ্চিতকরণ, কার্যকর যোগাযোগ কৌশল গ্রহণ এবং সরকার, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তথ্যমন্ত্রী।