ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নির্ধারিত কারখানার উদ্যোগ সরকারের

ঢাকা শহরে অনুমোদন ছাড়া যত্রতত্র ব্যাটারিচালিত ও যন্ত্রচালিত রিকশা উৎপাদন বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, এখন থেকে কেবল সরকার নির্ধারিত কারখানাগুলোতেই অনুমতি সাপেক্ষে এসব রিকশা তৈরি করা যাবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল (এআই সিগন্যাল) ব্যবস্থার পরীক্ষামূলক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম এসব তথ্য জানান।
ডিএসসিসির প্রশাসক বলেন, রাজপথে শৃঙ্খলা ফেরাতে যেসব অটোরিকশা বা যন্ত্রচালিত রিকশাকে চলাচলের অনুমতি দেওয়া হবে, সেগুলোর উৎপাদন প্রক্রিয়া সুনির্দিষ্ট হতে হবে। ঢাকা শহরের জন্য নির্ধারিত কারখানাগুলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে উৎপাদন শুরু করতে হবে। এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করবে। নির্ধারিত কারখানাগুলোর অনুমোদন ও কারিগরি দিকগুলো বুয়েটের মাধ্যমে যাচাই-বাছাইয়ের পরই উৎপাদনের অনুমতি মিলবে।
পাশাপাশি, ব্যাটারিচালিত রিকশাগুলোকে ধীরে ধীরে সৌরশক্তি ও বিদ্যুৎচালিত ব্যবস্থায় রূপান্তরের পরিকল্পনার কথাও জানান তিনি। একটি সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে ব্যাটারিচালিত রিকশাগুলোকে এই নতুন ব্যবস্থায় আনা হবে। সৌরশক্তির ব্যবহার বাড়ানো সম্ভব হলে জাতীয় গ্রিডের বিদ্যুতের ওপর চাপও কমবে বলে উল্লেখ করেন তিনি।
রাজধানীর যানজট ও সড়ক বিশৃঙ্খলা নিরসনে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয় উল্লেখ করে নগরবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান ডিএসসিসির প্রশাসক। দীর্ঘদিনের এই জটিল সংকট সমাধানের লক্ষ্যে সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ার জন্য তিনি অনুরোধ জানান।
এর আগে ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে শাহবাগ মোড়ে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার পরীক্ষামূলক উদ্বোধন সম্পন্ন হয়। প্রাথমিক পর্যায়ে রাজধানীর আরও ২০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এ ধরনের এআই সিগন্যাল চালুর সিদ্ধান্ত রয়েছে।