খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

খেলাধুলাকে নিয়মিত পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি উল্লেখ করেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াবিদদের সুনির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় এনে ভাতা প্রদান কার্যক্রমের সূচনা করেছেন।
শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে জাতীয় কিকবক্সিং অ্যাসোসিয়েশন আয়োজিত দুই দিনব্যাপী ‘বেস্ট অব বেস্ট জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য খেলাধুলা অত্যন্ত শক্তিশালী একটি মাধ্যম। তৃণমূল পর্যায় থেকে ক্রীড়াচর্চাকে ব্যাপক মাত্রায় উৎসাহিত করতে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে আধুনিক খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।
একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মতো কর্মসূচির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান ক্ষুদে খেলোয়াড়দের খুঁজে এনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা হচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে কিকবক্সিং খেলাটিকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ অন্তর্ভুক্ত করার দাবি জানানো হলে মন্ত্রী এ ব্যাপারে সার্বিক সহায়তার দৃঢ় আশ্বাস প্রদান করেন।
জাতীয় কিকবক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি ইশতিয়াক আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ, বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রখ্যাত ক্রীড়াবিদ, প্রশিক্ষক, রেফারি এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।