অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা অর্থ একসঙ্গে পরিশোধের বড় উদ্যোগ নিয়েছে সরকার। শনিবার (১৫ আগস্ট) একযোগে দেশের ৬৪টি জেলায় শিক্ষকদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে এ অর্থ পৌঁছে দেওয়া হবে।
শুক্রবার (১৪ আগস্ট) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের এই বিশাল বকেয়া মেটাতে এককালীন মোট ২০৩৫ কোটি ৮৬ লাখ টাকা ছাড় করার চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়িত হতে যাচ্ছে।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, বিগত চার বছর ধরে বেসরকারি শিক্ষকদের অবসর ও কল্যাণ তহবিলের বিপুল পরিমাণ অর্থ বকেয়া পড়ে ছিল। পাহাড়সম এই বকেয়ার জট কাটাতে বর্তমান সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি আরও জানান, সিদ্ধান্তের অংশ হিসেবে দেশের প্রতিটি জেলায় একযোগে সরকারি অর্থ ছাড়ের কাজ সম্পন্ন হচ্ছে। শনিবার সরাসরি শিক্ষকদের স্ব স্ব ব্যাংক অ্যাকাউন্টে নির্ধারিত অর্থ জমা হওয়ার মাধ্যমে হাজার হাজার অবসরপ্রাপ্ত শিক্ষকের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।