তারেক রহমানের উন্নয়ন ভাবনার সমর্থনে ঢাবিতে ছাত্রদলের বর্ণাঢ্য শোভাযাত্রা

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উন্নয়ন ভাবনা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রতি সংহতি ও সমর্থন জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে ছাত্রদল। শুক্রবার বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই শোভাযাত্রাটি শুরু হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিকের নেতৃত্বে শোভাযাত্রাটি শহীদ মিনার থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের কলাভবন ও ভিসি চত্বর প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীর পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন। এ সময় তরুণদের কর্মসংস্থান, কৃষি ও পল্লী উন্নয়ন এবং জনকল্যাণমূলক বার্তা সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
শোভাযাত্রা শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তরিকুল ইসলাম তারিক। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ, আত্মমর্যাদাশীল ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ চলছে। কেবল অবকাঠামোগত উন্নয়ন নয়; কৃষকের জীবনযাত্রার মান উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এই উন্নয়ন ভাবনার মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল পুনঃখনন, কৃষি আধুনিকায়ন এবং শিক্ষা ও দক্ষতার মাধ্যমে তরুণ প্রজন্মকে অগ্রগতির প্রধান শক্তিতে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নয়ন ও সমৃদ্ধির এই সুফল শুধু রাজধানীতে সীমাবদ্ধ না রেখে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে তিনি তরুণ সমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান।